এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রোগীদের জন্য হুইলচেয়ার প্রদান করেছেন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি এই হুইল চেয়ারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান আফাজ উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতাল রোগীসেবায় প্রতিনিয়ত ব্যস্ত থাকে। এ ধরনের সহযোগিতা রোগীদের জন্য যেমন তাৎক্ষণিক সহায়তা, তেমনি ভবিষ্যতের উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আশা করি, এই ধারা অব্যাহত থাকবে। এ সময় কনসালটেন্ট ও সার্জারি বিভাগের প্রধান ডা. মোঃ নাহিদ শিকদারসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আফাজ উদ্দিন বলেন, মানুষের সেবাই আমাদের রাজনীতির মূল চালিকা শক্তি। বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে দুটি শাখায় যথাক্রমে ২১০টি ও ৪৫০টি শয্যা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে এবং পরবর্তীতে এটিকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে। আজকের এ ছোট উদ্যোগ কেবল সূচনা। জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার।
তিনি বলেন, এ হাসপাতাল শুধু চিকিৎসার কেন্দ্র নয়, অসহায় মানুষের শেষ ভরসাস্থল। আমরা চাই জনগণ চিকিৎসার অধিকার পাবে, অবহেলা নয়। তাই ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের জন্য দৃঢ় পদক্ষেপ নেয়া হবে।