July 4, 2026, 4:26 pm

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন জুলাই শহিদের স্বজন ও আহতরা

Reporter Name
  • আপডেট Tuesday, August 19, 2025
  • 47 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জুলাই শহিদদের পরিবার ও আহতরা সচিবালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেছেন। তারা অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করেন। পরে জুলাই হত্যাকান্ডের মামলার আসামিরা কেন জামিন পাচ্ছেন, আগামী রবিবারের মধ্যে আইন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে সে ব্যাখ্যা দিতে হবে- এমন আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন জুলাই শহিদদের পরিবার ও আহতরা। এর আগে, আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে প্রথমে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনে আহত ও শহিদদের স্বজনরা। বেলা সাড়ে ১২টার দিকে একটি মিছিল নিয়ে সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে অবস্থান নেন । এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারানো ইমাম হাসান তায়িমসহ সব হত্যা মামলায় অভিযুক্তদের জামিন দেওয়ার প্রতিবাদ জানান তারা।
এ সময় বিক্ষোভকারীরা ‘পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ’, ‘খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
জুলাই শহিদ আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল করিম বলেন, ‘এক বছর পরেও আমরা আমার সন্তান হত্যার বিচার পাইনি। সরকার বিচারের নামে তামাশা করছে। আমরা দেখছি, আসামিরা অর্থের বিনিময়ে জামিন নিচ্ছে। অথচ আইন উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না।’ পরে দুপুর পৌনে ৩টার দিকে সড়ক ছাড়েন তারা। সড়ক ছেড়ে দেওয়ার সময় আন্দোলনকারীরা বলেন, ‘জুলাই হত্যাকান্ডের আসামিরা কেন জামিন পাচ্ছেন, তা নিয়ে আইন উপদেষ্টাকে আগামী রোববারের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যা প্রধান উপদেষ্টার জাতির সামনে প্রকাশ করতে হবে।
বিক্ষোকারীরা বলেন, আজকের কর্মসূচিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দৃশ্যমান বিচারের দাবি জানান তাঁরা। বিক্ষোভের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, জুলাই শহিদ পরিবার ও আহত ব্যক্তিদের দাবি তারা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন। তবে অবরোধের কারণে পথচারীদের ভোগান্তি বাড়ছে। পুলিশ আন্দোলনকারীদের আঘাত করেছে—এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এমনটি হলে আমরা যথাযথ তদন্তের ভিত্তিতে পদক্ষেপ নেব।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর