July 9, 2026, 3:56 pm

আরও বেশি সৌদি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, January 23, 2024
  • 99 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে এগিয়ে নিতে সৌদি আরবের কাছে আরও বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য আমাদের সরকারের গৃহীত উদ্যোগগুলিকে এগিয়ে নিতে বাংলাদেশে আরও বিনিয়োগ করুন। সৌদি আরব এবং সেদেশের জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের উল্লেখ করে তিনি বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতা অব্যহত রাখার অঙ্গীকার করেন সৌদি রাষ্ট্রদূত।
শেখ হাসিনা বলেন, এ দেশের সরকার ও জনগণ সৌদি আরব এবং এর জনগণের মঙ্গল কামনা করে, কারণ তারা মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের জিম্মাদার। সরকারপ্রধান হিসেবে পুননির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত। বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের আটটি বিভাগে আটটি মসজিদ ও আরবি ভাষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য তার দেশের ইচ্ছা কথা জানান। প্রধানমন্ত্রী ঢাকায় একটি ইনস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী দিনে হজ ও ওমরাহর প্রক্রিয়া আরও সহজ করতে তারা ব্যবস্থা নিচ্ছেন।
তিনি বলেন, সৌদি আরব ও বাংলাদেশ ক্রীড়া ও সংস্কৃতিতে সহযোগিতা বাড়াতে পারে। রাষ্ট্রদূত অন্যান্য পেশাদারদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মীদের নিয়ে যাওয়ার জন্য তার দেশের আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর