November 30, 2026, 1:12 am

শ্রীপুরে গাকৃবির ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন, বিতরণ ৮০০ চারা

Reporter Name
  • আপডেট Sunday, November 29, 2026
  • 13 জন দেখেছে

কৃষি গবেষণার উদ্ভাবন মাঠপর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে গাজীপুরের শ্রীপুরে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত ২০টির বেশি কৃষিপ্রযুক্তি ও ৯৭টি উন্নত ফসলের জাত কৃষকের মধ্যে সম্প্রসারণ করা হবে। পাশাপাশি কৃষক, খামারি ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় শ্রীপুর উপজেলার বদনী ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান যৌথভাবে ‘প্রযুক্তি গ্রাম’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২০২৬-২০৩০ মেয়াদে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে ৮০০টি ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও উন্নত ফসলের জাতের প্রকৃত সার্থকতা তখনই, যখন সেগুলো কৃষকের মাঠে পৌঁছে উৎপাদন ও আয় বাড়াতে ভূমিকা রাখবে। স্থানীয় কৃষি সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক সমাধান এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যেই এ প্রযুক্তি গ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। গাকৃবির উদ্ভাবিত বিইউ ধান-১ ও আপেল কুলসহ বিভিন্ন কৃষিপ্রযুক্তি দেশের কৃষি উন্নয়নে অবদান রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘কৃষিকে আরও উৎপাদনশীল করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ জরুরি। বদনী ভাংগা থেকে প্রযুক্তি গ্রামের সুফল পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে দিতে হবে। এতে কৃষকের উৎপাদন ও আয় বাড়ার পাশাপাশি গ্রামীণ জীবনমান উন্নত হবে।’
বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আলীমসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর