স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাকিস্তানের সোয়াত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হুসনুল আমিন এবং ইন্দোনেশিয়ার জাকার্তা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার হাসানুল ইনানী ডিজেবার। আজ
রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকায় বাউবি ভিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উচ্চশিক্ষার প্রসার, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, একাডেমিক কার্যক্রমের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার উৎকর্ষ সাধন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতা বিনিময়, যৌথ একাডেমিক উদ্যোগ ও গবেষণার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাউবির শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় আগ্রহী।
সাক্ষাৎকালে বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. এ কে এম ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনায় অতিথিরা বাউবির শিক্ষা কার্যক্রম ও দূরশিক্ষণ পদ্ধতির অগ্রগতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। উভয় পক্ষ শিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সাক্ষাৎ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভবিষ্যৎ একাডেমিক ও গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।