নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ দখল ও এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিকে কেন্দ্র করে ভারতীয় মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণ প্রস্তুত রয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের উদ্যোগে যাত্রাবাড়ী চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেন, ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশে আগ্রাসন চালানোর চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক জনগণই যথেষ্ট।
তিনি বলেন, মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকি এবং এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক। এ ধরনের বক্তব্য শুধু কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতিও হুমকি। অবিলম্বে ওই মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে হবে।
যাত্রাবাড়ী জোন সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাওলা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামুদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন ও মাওলানা আনিসুর রহমান জাফরী।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ভারতীয় মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকি এবং দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা দেশবিরোধী ষড়যন্ত্র ও আগ্রাসন প্রতিহত করার হুঁশিয়ারি দেন। পরে বিক্ষোভ মিছিলটি যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।