November 25, 2026, 7:31 pm

যুক্তরাষ্ট্রের বাজারে ধাক্কা খেতে পারে ভারতীয় পণ্য, আসছে নতুন শুল্ক

Reporter Name
  • আপডেট Wednesday, November 25, 2026
  • 33 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে পড়তে যাচ্ছে ভারত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, নিজস্ব শিল্প খাতে অতিরিক্ত সরকারি ভর্তুকি দিয়ে ভারতসহ কয়েকটি দেশ মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত এই নতুন শুল্কের তালিকায় ভারত ছাড়াও বাংলাদেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি বড় অর্থনীতির দেশ রয়েছে। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ব্লুমবার্গের তথ্যমতে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার খুব দ্রুতই এই নতুন শুল্কের ঘোষণা দিতে পারেন।
গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি দেশের শিল্প ভর্তুকি নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্র। এই আইন অনুযায়ী, অন্যায্য বাণিজ্যিক চর্চার প্রমাণ পেলে মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন।
জেমিসন গ্রিয়ার জানান, সরকারি ভর্তুকির কারণে এসব দেশে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি হয়েছে। ফলে তাদের প্রতিষ্ঠানগুলো বিশ্ববাজারে কম দামে পণ্য ছেড়ে মার্কিন উৎপাদকদের বিপাকে ফেলছে। নতুন এই ঘোষণায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রায় সব রপ্তানি পণ্যের ওপরই বাড়তি শুল্ক বসতে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং গাড়ির মতো কিছু পণ্য এর বাইরে থাকবে। কারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব পণ্যে আলাদাভাবে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চূড়ান্ত শুল্কের হার এখনো স্পষ্ট নয়। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রথম দফার শুল্ক বাতিল করার আগে যে হার ছিল, নতুন শুল্কও তেমন হতে পারে। এর আগে, গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম ইস্যুতে বিভিন্ন দেশের পণ্যে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছিল ইউএসটিআর। নতুন শুল্ক এর সঙ্গে যুক্ত হতে পারে।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে কয়েকমাস ধরে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারিতে এর রূপরেখা চূড়ান্ত হলেও সুপ্রিম কোর্টের রায়ের পর তা আবারও আলোচনার টেবিলে ফিরে যায়।
এই চুক্তির আওতায় নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের বাজারে তাদের পণ্যের জন্য বিশেষ সুবিধা চাইছে। বিশেষ করে প্রতিযোগী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়ার চেয়ে কম শুল্ক সুবিধা আদায়ের চেষ্টা করছে ভারত। তবে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য নতুন শুল্ক মোদী সরকারকে বড় ধরনের চাপে ফেলতে পারে। সূত্র: এনডিটিভি

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর