মো: জাফর আলী:: দেশব্যাপী যেকোনো ধরনের নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল সোমবার টঙ্গীর চেরাগআলী এলাকায় টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম কামু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, এসএম শাকিল পারভেজ, বাদল, ছাত্রদল নেতা রিফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বলেন, দেশব্যাপী শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নৈরাজ্য, অরাজকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনজীবন ব্যাহত করতে না পারে, সে বিষয়ে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। তাঁরা আরও বলেন, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। যেকোনো অপতৎপরতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তাঁদের এ সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।