মো: জাফর আলী:: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমিক আন্দোলনের আড়ালে বহিরাগতদের সম্পৃক্ত করে শিল্পাঞ্চলে নৈরাজ্য, ধ্বংসযজ্ঞ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কায় গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ র্যালি করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল সোমবার টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের নেতৃত্বে টঙ্গী বিসিক শিল্প এলাকায় এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন গাজীপুর মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। কর্মসূচির অংশ হিসেবে বিসিক শিল্প এলাকা থেকে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহারা মার্কেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শ্রমিকদের ছদ্মবেশে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটিয়ে কোনো মহল যাতে শিল্পাঞ্চলে অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। তাঁরা আরও বলেন, শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ, কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তা রক্ষায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কোনো ধরনের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।