November 24, 2026, 12:10 pm

প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসী শেখ হাসিনার ফেরার অনুমতি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Tuesday, November 24, 2026
  • 20 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে, আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরের বেশি সময় ধরে ভারতে আশ্রিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে তিনি দেশে ফিরতে চান বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী।
এবারই প্রথম শেখ হাসিনার তরফ থেকে দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হলো। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে। কারণ, দেশে তাঁর দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এ ছাড়া চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করার পর দেশে তাঁর দলের নেতা-কর্মীরা সহিংসতা বাড়িয়েছে। দেশে ফেরার জন্য শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সংবিধান-বহির্ভূতভাবে এবং এমন পরিস্থিতিতে তাঁকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব। এই প্রেক্ষাপটে করা এক প্রশ্নের জবাবে হুমায়ুন ক‌বির ব‌লেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে, মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনা‌কে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝ‌তে হ‌বে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খা‌টে ঘুমাইয়া দুঃস্বপ্ন দে‌খে! দুঃস্বপ্নের মধ্যে দেখে—আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি! তিনি (‌শেখ হা‌সিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাঁকে (‌শেখ হা‌সিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর