November 22, 2026, 6:46 pm

বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির, তালিকায় ৮০-৮৫ বিদ্রোহী

Reporter Name
  • আপডেট Sunday, November 22, 2026
  • 25 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ তালিকায় অন্তত ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে পাঁচ শতাধিক নেতাকর্মীকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে দলটি। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিভেদ দূর করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
দলীয় সূত্র জানায়, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তাঁদের সমর্থন দেওয়ার কারণে তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। তাঁদের মধ্যে ৯১ জন কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতা ৪৫টি আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের সাতজন নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছেন।
বহিষ্কৃত নেতাদের মধ্যে কয়েকশ ব্যক্তি ইতিমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। বিদ্রোহী প্রার্থী ছাড়াও ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাদেরও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট আলাদা। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে বিএনপির ৯১ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করা হয়। তাঁদের সমর্থন করায় তৃণমূলের আরও তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করে দলটি। নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হন।
এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
বিএনপির দপ্তর সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন অভিযোগে বহিষ্কৃত নেতাদের একটি বড় অংশকে জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে ফিরিয়ে নেওয়া হয়েছিল। তখন আবেদন করেও যাঁরা ফিরতে পারেননি, এবার তাঁদেরও বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ বিরোধ মেটানোর অংশ হিসেবে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে তাঁদের ফিরিয়ে নেওয়া হবে।
ফেরার তালিকায় যাঁরা:
দলে ফেরানোর সম্ভাব্য তালিকায় রয়েছেন নির্বাচনে বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।
এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের নেতা হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।
তালিকায় আরও রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
এ ছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান এবং ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলমের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।
তালিকায় আরও আছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী।
দলে ফেরার বিষয়ে বহিষ্কৃত নেতাদের অবস্থান:
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত ওই কর্মসূচিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে শোভাযাত্রায় যুক্ত করেন তারেক রহমান।
সাইফুল আলম নিরব জানান, তিনি প্রধানমন্ত্রীর কর্মসূচিসহ বিএনপির সব রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। নিজ নির্বাচনি এলাকাতেও দলের কর্মসূচি পালন করছেন। দলের সঙ্গে ছিলেন এবং আছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনেও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি চালিয়ে যাবেন। তবে দলে ফেরার বিষয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নেতারা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। দলের দুঃসময়ে তাঁরা মাঠে ভূমিকা রেখেছেন। নির্বাচনে তাঁদের অংশ নেওয়ার কারণ খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, দলের বাইরে থেকেও এসব নেতা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন এবং তৃণমূলের একটি অংশ এখনো তাঁদের সঙ্গে রয়েছে। এখন দল তাঁদের কীভাবে কাজে লাগাবে, সেটি বিবেচনার বিষয়।
বহিষ্কৃত একাধিক নেতা জানিয়েছেন, তাঁদের কেউ কেউ দলে ফেরার আবেদন করেছেন। আবার অনেকে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেলে তাঁরা আবেদন করবেন। তাঁদের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তাঁরা বুঝেশুনেই নিয়েছিলেন। এখন আবেদন করলে তা নিয়ে কটূক্তির শিকার হতে পারেন—এমন আশঙ্কাও রয়েছে। তাঁদের ধারণা, আবেদন একটি আনুষ্ঠানিকতা মাত্র; হাইকমান্ড চাইলে যেকোনো নেতাকে ফিরিয়ে নিতে পারে। তবে কয়েকজন বহিষ্কৃত নেতার অভিযোগ, দলের ভেতরে ও বাইরে সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীদের কোণঠাসা করে রাখা হচ্ছে। তাঁদের মতে, এসব নেতাকে দায়িত্ব দিলে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলা করা সহজ হবে।
স্থানীয় নির্বাচন সামনে রেখে ঐক্যের উদ্যোগ:
জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে যে বিরোধ তৈরি হয়েছিল, বহিষ্কার ও পাল্টাপাল্টি অবস্থানের কারণে তা এখনো পুরোপুরি কাটেনি। দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় ফিরলেও তৃণমূল পর্যায়ে দলটির পূর্ণাঙ্গ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলের নীতিনির্ধারকেরা।
দলীয় সূত্রের ভাষ্য, জাতীয় নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা স্থানীয় সরকার নির্বাচনেও ধরে রাখতে চায় বিএনপি। বহিষ্কৃত অনেক নেতা এখনো স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তাঁরা বিভিন্ন দলীয় কর্মকাণ্ড ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁদের ফিরিয়ে আনতে পারলে সাংগঠনিক শক্তি বাড়বে বলে মনে করছেন দলটির নেতারা।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ রয়েছে বিএনপির মধ্যে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের মতে, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ সফল হলে তৃণমূলের দীর্ঘদিনের বিরোধ অনেকটাই কমতে পারে। একই সঙ্গে সাংগঠনিক শক্তি বাড়িয়ে নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলার সক্ষমতাও জোরদার হবে। তাঁর মতে, তৃণমূলের বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক—দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর