নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে লকডাউন ঘিরে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। তাঁদের কাছ থেকে নাশকতার আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়াও নাশকতা পরিকল্পনাকারী, হুকুমদাতা ও অর্থের জোগানদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই সতর্ক অবস্থানে থাকায় নিষিদ্ধ সংগঠনের নাশকতাকারীরা রাস্তায় নামতে পারেনি। গাজীপুরের সড়ক-মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষের সার্বিক জীবনযাত্রায় লকডাউনের কোনো প্রভাব পড়েনি। নাশকতার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না। পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের গ্রেফতার করা হচ্ছে।
শ্রমিক আন্দোলনের নামে সহিংসতার বিষয়ে তিনি বলেন, পোশাকশ্রমিকরা নাশকতা করতে পারে না। যারা গাড়িতে আগুন দিয়েছে ও ভাঙচুর চালিয়েছে, তাদের বেশির ভাগই নিষিদ্ধ সংগঠনের লোক বলে প্রমাণ পাওয়া গেছে। শ্রমিকদের ন্যায্য দাবি ও নাশকতামূলক কর্মকাণ্ড এক করে দেখার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার সকালে জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মহানগর পুলিশের আটটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে ৯ জন, ছিনতাইকারী পাঁচজন এবং বিভিন্ন নিয়মিত মামলায় ২১ জন রয়েছেন।
এদিকে, বাসন থানা পুলিশ নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. নাহিদ সরকার (৩৩) এবং তাঁর সহযোগী মো. আপনকে (১৮) গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া এলাকায় আসকর আলী পাম্পের প্রায় ১০০ গজ পূর্ব-দক্ষিণে নাওজোড়-ভোগড়া বাইপাসগামী মহাসড়কের সার্ভিস লেনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।
পুলিশ জানায়, ঢাকা মেট্রো-গ-২৮-৮২১৭ নম্বরের প্রাইভেটকারটি তল্লাশি করে চালকের হেফাজতে কিনলে লেখা বোতলে প্রায় এক লিটার পেট্রোল পাওয়া যায়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঘোরাফেরা করার কথা স্বীকার করেছেন। এ সময় তাঁদের সঙ্গে মাহিম (১৯) নামে আরও একজন ছিলেন, যিনি পলাতক রয়েছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন আরও জানিয়েছেন, আওয়ামী লীগ নেত্রী মাহিয়া মাহির বাসুর আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে এবং তাঁদের নিজস্ব মালিকানার আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে তাঁরা নাশকতার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় মামলা হয়েছে। পুলিশ প্রাইভেটকার ও পেট্রোলের বোতল জব্দ করেছে। জিএমপি কমিশনারের দাবি, নাশকতার পরিকল্পনা, নির্দেশনা ও অর্থায়নের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এসব তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।