নিজস্ব প্রতিবেদক:: রাজধানী ঢাকা থেকে অপরিকল্পিত নগরায়ণ, অবৈধ স্থাপনা এবং দখলদারদের আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে প্রাকৃতিক জলাধারগুলো। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে নগরের পানি নিষ্কাশনব্যবস্থা, পরিবেশ ও জীববৈচিত্র্যে। এই পরিস্থিতি মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ৫৬টি খাল ও ৬২টি পুকুর পুনরুদ্ধার এবং সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জলাধারগুলো দখলমুক্ত করার পাশাপাশি খালগুলোর সীমানা চিহ্নিত করে দুই পাশে গাইড ওয়াল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন ও ঢাকা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানীর ৫৬টি খালের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীনে ২৯টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় ২৭টি খাল রয়েছে। তবে অধিকাংশ খালের জায়গা বেদখল হয়ে যাওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেন, জলাধারগুলো ফিরিয়ে আনার মাধ্যমে নগরের পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ সিটির শ্যামপুর, মান্ডা, জিরানি ও কালুনগর খাল উদ্ধারে প্রকল্প চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে অন্য খালগুলোতেও কাজ শুরু হবে। দক্ষিণ সিটির উল্লেখযোগ্য খালের মধ্যে আরও রয়েছে খিলগাঁও-বাসাবো, মেরাদিয়া-গজারিয়া, নন্দীপাড়া, ধোলাইখাল, রায়েরবাজার, সেগুনবাগিচা ও গোপীবাগ খাল।
অন্যদিকে, উত্তর সিটির কল্যাণপুর, রূপনগর, বাউনিয়া, দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর, ইব্রাহিমপুর, কাটাসুর, রামচন্দ্রপুর, বেগুনবাড়ী, মহাখালী, শাহজাদপুর, ধউর ও সুতিভোলাসহ উল্লেখযোগ্য ১৯টি খালের মধ্যে প্রাথমিকভাবে ১০টি খাল উদ্ধারের কাজ চলছে।
ডিএনসিসি জানিয়েছে, এ উদ্ধার কার্যক্রমে ভূমি প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও ঢাকা মহানগর পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। জমির মালিকানা যাচাই, সীমানা নির্ধারণ ও উচ্ছেদ অভিযানের পাশাপাশি অবৈধ ভবন ও আবাসন প্রকল্পের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন খালের ওপর গড়ে উঠেছে বসতবাড়ি, বহুতল ভবন, দোকান, বিপণিবিতান, কারখানা, গুদাম ও পরিবহনসংশ্লিষ্ট স্থাপনা। কোথাও তৈরি হয়েছে গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ। এসব অবৈধ নির্মাণের কারণে পানির স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সাবরিন সুলতানা হুঁশিয়ারি দিয়ে বলেন, খালে বর্জ্য ফেলে পানি দূষণ কিংবা পরিবেশের ক্ষতি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগ বলেন, জলপ্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও বর্জ্য নদীতে পৌঁছাতে পারছে না, যার ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাঁর মতে, উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি; কারণ অতীতে নজরদারির অভাবে উদ্ধার করা অনেক জায়গা আবারও বেদখল হয়েছে। নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের মতে, খাল ও পুকুরের অস্তিত্ব ফিরলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পাশাপাশি ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ বাড়বে। এতে জলজ প্রাণী ও পাখির আবাসস্থল রক্ষা পাবে এবং জলাধারগুলো জরুরি প্রয়োজনে পানির উৎস হিসেবেও ব্যবহার করা যাবে। এ ছাড়া খালের দুই পাশে সবুজায়ন ও হাঁটার পরিবেশ (ওয়াকওয়ে) তৈরি করা সম্ভব হলে তা নগরের তাপমাত্রা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।