November 15, 2026, 12:15 am

বাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাকিল আহমেদ বুলবুলের নির্বাচনী প্রচারণা শুরু

Reporter Name
  • আপডেট Saturday, November 14, 2026
  • 25 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থী শাকিল আহমেদ বুলবুল। নিজ বাড়িতে আলোচনা সভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এতে ইউনিয়নের বড় কয়ের গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। আজ শনিবার (১৪ নভেম্বর) জুমার নামাজের পর বাড়ীয়া ইউনিয়নের বড় কয়ের গ্রামে তাঁর নিজ বাড়িতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১২টায় পূবাইল বাজারে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে লাল ফিতা কেটে তাঁর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
চেয়ারম্যান প্রার্থী শাকিল আহমেদ বুলবুল গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নের বড় কয়ের গ্রামের প্রয়াত আব্দুল মোতালিবের ছেলে। তিনি গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল আলম সরকারি কলেজ ছাত্র সংসদের মনির-নাছির-স্বপন পরিষদ থেকে ম্যাগাজিন সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
সাবেক এ ছাত্রনেতা এলাকার উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। নিজ উদ্যোগে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা, রাস্তাঘাটের উন্নয়ন, অসচ্ছল মানুষের চিকিৎসায় সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা এবং শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন বলে জানান স্থানীয়রা।
আলোচনা সভায় শাকিল আহমেদ বুলবুল বলেন, ‘আমি প্রার্থী হয়েছি, সেটাই বড় কথা নয়। আপনারা যাকে সৎ, যোগ্য ও ভালো মনে করবেন এবং যার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন হবে, সাধারণ মানুষ উপকৃত হবেন, তাকেই মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে ন্যায় ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা কেমন, তা আপনারা সবাই জানেন। অতীতে যেভাবে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন, আগামীতেও সেভাবে পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশা করি। নির্বাচিত হলে সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই, ইনশাআল্লাহ। আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষ আমার কাছে সমান গুরুত্ব পাবেন।’
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থীর পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। তাঁরা বলেন, নির্বাচনে দল-মত কিংবা ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য ও আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। যিনি নির্বাচিত হয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন, ভোটারদের তাঁকেই সমর্থন দেওয়া প্রয়োজন।
আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম শহীদ, মোশাররফ হোসেন ভূঁইয়া, শাকিল সরকার, সাইফুল ইসলাম ছোটন, জাহিদ হোসেন মনির, মোরশেদুর রহমান ও মিরাজ সিকদার। এ ছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর