November 15, 2026, 12:16 am

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

ক্রীড়া ডেস্ক::
  • আপডেট Saturday, November 14, 2026
  • 23 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার (১৪ নভেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল। ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশ। তবে মাঠের লড়াইয়ের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কিছুটা স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের। আন্তর্জাতিক ফুটবলে জয়-পরাজয়ের হিসাবেও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ।
দুই দেশের ফুটবল দ্বৈরথের ইতিহাস বেশ পুরোনো। ১৯৮৫-২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার। এর মধ্যে বাংলাদেশের জয় আটটি, পাকিস্তানের পাঁচটি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে জয়ের সংখ্যায় তিন ম্যাচে এগিয়ে লাল-সবুজের দল।
দুই দলের প্রথম দিকের লড়াইয়ে বাংলাদেশের সাফল্য থাকলেও পরবর্তী সময়ে পাকিস্তানের কাছে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। ১৯৮৫ সালের ৩০ এপ্রিল ও ২ মে কায়েদে আজম আন্তর্জাতিক কাপে পাকিস্তানকে যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। একই বছরের ২১ ডিসেম্বর দক্ষিণ এশীয় ফেডারেশন গেমসেও ২-১ গোলে জয় পায় লাল-সবুজের দল।
তবে ১৯৮৭, ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৫ সালে টানা চার ম্যাচে ১-০ গোলে হারে বাংলাদেশ। ১৯৯৮ সালে গোলশূন্য ড্রয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ১৯৯৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দুই দেশের ফুটবল ইতিহাসে এটিই বাংলাদেশের অন্যতম বড় জয়।
২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। একই বছর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে একটি ম্যাচ ড্র হলেও অন্যটিতে ১-০ গোলে জেতে পাকিস্তান। ২০০৯ সালের সাফেও দুই দলের ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। ফিরতি ম্যাচে গোলশূন্য ড্র করে পরবর্তী রাউন্ডে ওঠে লাল-সবুজের দল। এরপর ২০১১ সালের সাফে ড্র এবং ২০১৩ সালে ২-১ গোলে পাকিস্তানের কাছে হারলেও ২০১৮ সালের সাফে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ।
দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ের পর কেটে গেছে আট বছর। দীর্ঘদিন এবার আবারও গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি তারা। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও সেমিফাইনালে অতীতের হিসাবের চেয়ে মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে ফাইনালের টিকিট। ২১ বছর আগে পাকিস্তানকে হারিয়ে যে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর