স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিক সকাল থেকে যার যার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এতে শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নিয়ে সরকার মজুরি বোর্ড গঠন করে বেতন বাড়ানোর সুপারিশে মালিক ও শ্রমিকপক্ষের সম্মতির পর কাজে ফিরেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। আজ রোববার সকাল থেকে নির্ধারিত সময়েই কারখানায় উপস্থিত হন শ্রমিকরা। কোনাবাড়ি, শফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, বাসন সড়ক, টঙ্গী, সালনা ও বাংলা বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের কাজে যোগ দিয়েছেন। এর আগে বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বাড়ায়। শেষ পর্যন্ত সরকারের গঠিত মজুরি বোর্ডের সুপারিশের বিষয়ে মালিক-শ্রমিক ঐকমত্যে পৌঁছালে আন্দোলন থেকে সরে এসে কাজে ফেরেন শ্রমিকরা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বর্ধিত বেতন শ্রমিকরা জানুয়ারি থেকে হাতে পাবেন। এ আশ্বাসের পর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বাসসকে বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আরিফ হোসাঈন জানান, শ্রমিক অসন্তোষ এড়াতে আজ থেকে নিরাপত্তা জোরদার রাখা হয়েছে। শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, এসআরবি ৮ প্লাটুন এবং ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা বিভিন্ন সড়ক ও মহাসড়কে দায়িত্ব পালন করছেন।