স্টাফ রিপোর্টার, গাজীপুর:: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ব্রি সদর দপ্তরের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে ব্রি প্রশাসন ভবনের সামনে দিবসটির ইতিহাস ও তাৎপর্য নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ব্রি সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে ব্রি প্রশাসন ভবনে বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ আসর ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে ব্রি মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামসহ সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশ নেন।
সকালের কর্মসূচিতে ব্রি পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, ধান-ভিত্তিক খামার বিন্যাস বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ও দিবসটি পালন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহীম, উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ড. খন্দকার মো. ইফতেখারুদ্দৌলা এবং ফলিত গবেষণা বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন। এ সময় ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধি এবং ইনস্টিটিউটের উচ্চ বিদ্যালয় ও প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।