November 5, 2026, 6:42 pm

গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Thursday, November 5, 2026
  • 9 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীতে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উত্তর বাড্ডা ব্রিজের নিচে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে নারীরা হাড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন হাতে অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাড্ডা ইউলুপের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমাবেশে তিনি বলেন, ব্যক্তিগত দাবি বা রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তারা মাঠে নেমেছেন। বাজারে মানুষের হতাশা ও অস্বস্তি বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের আয় ও দ্রব্যমূল্যের মধ্যে সামঞ্জস্য নেই। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও সেই অনুপাতে আয় বাড়ছে না। সেলিম উদ্দিন অবিলম্বে বাজারের সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি মানুষের আয়-ব্যয়ের সামর্থ্যের মধ্যে পণ্যের দাম রাখার আহ্বান জানান।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, কার্ড বিতরণের মতো উদ্যোগ দিয়ে জনগণের অসন্তোষ দূর করা যাবে না। জনগণের আস্থা হারালে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে জামায়াতের এ নেতা বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি অন্যায় নয়। দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি সরকার বিবেচনায় নিলে শ্রমিকদের ওপর লাঠিচার্জ বা প্রাণহানির ঘটনা ঘটত না বলে তিনি মন্তব্য করেন। তিনি শ্রমিকদের হয়রানি ও চাকরিচ্যুতি বন্ধ এবং যথাসময়ে বেতন পরিশোধের দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর ও কারখানায় অগ্নিসংযোগ না করার আহ্বান জানান। কোনো তৃতীয় পক্ষ যাতে শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ইয়াসিন আরাফাত এবং আতাউর রহমান সরকার। এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিনসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর