November 5, 2026, 5:13 pm

গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন চার শাবকের জন্ম

Reporter Name
  • আপডেট Thursday, November 5, 2026
  • 7 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন চার শাবকের জন্ম হয়েছে। গত মাসে পার্কের কোর সাফারি এলাকায় শাবক চারটির জন্ম হয়। বাচ্চাগুলো মায়ের সঙ্গে খুনসুটি আর অন্য প্রাণীদের সঙ্গে ছোটাছুটি করেই সময় কাটাচ্ছেন। নতুন অতিথিদের দেখতে পেয়ে আনন্দিত পার্কে আসা দর্শনার্থীরা, বিশেষ করে শিশুরা।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শাবক চারটি সুস্থ আছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। তবে এখনো তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জন্মের পরপরই শাবকদের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি। বর্তমানে শাবকগুলোর জন্য বিশেষ পরিচর্যা ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, প্রায় এক মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় মায়ের সঙ্গে শাবকগুলোকে প্রথম দেখা যায়। শাবকগুলোর নিরাপত্তা ও সার্বিক বিষয় বিবেচনা করে তখন বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়নি।
তিনি আরও বলেন, শাবক চারটি সুস্থ রয়েছে। নিয়মিত মায়ের দুধ পান করছে। মায়ের সঙ্গে খুনসুটি করার পাশাপাশি অন্য প্রাণীদের সঙ্গে ঘুরে বেড়ানো ও ছোটাছুটি করে সময় কাটাচ্ছে তারা।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় এক মাস আগে পার্কের কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথমে নীল গাইয়ের শাবক দেখতে পান। পরে মোট চারটি শাবকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে শুরুতে বিষয়টি প্রকাশ করা হয়নি।
তিনি জানান, অনেক সময় চারটি শাবককে একসঙ্গে খুনসুটি করতে দেখা যায়। নতুন শাবকগুলোর জন্মের ফলে পার্কে দর্শনার্থীদের আনন্দও বেড়েছে। বিশেষ করে শিশুরা ছোট ছোট নীলগাইয়ের শাবক দেখে বেশ আনন্দ পাচ্ছে। সদ্য জন্ম নেওয়া চারটি শাবকসহ বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রায় এক মাস আগে পার্কে চারটি নীলগাইয়ের শাবকের জন্ম হয়েছে। শাবকগুলোর নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখতে পার্ক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। শাবকগুলোর সুরক্ষায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় পরিচর্যা ও তদারকি অব্যাহত রাখতে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর