স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গী বাজারে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ তুলে তা দখলমুক্ত করার দাবিতে একক মানববন্ধন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মো. অভি দেওয়ান। আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে টঙ্গী বাজারের মিতালী পাম্পের সামনে এবং বিআরটিসি ফ্লাইওভারের নিচে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ্বে ফুটপাত দখলমুক্ত করার দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তিনি।
অভিযোগ রয়েছে, টঙ্গী বাজারের গুরুত্বপূর্ণ এসব এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানো হয়েছে। এতে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ দখলকে কেন্দ্র করে একটি শ্রেণি নিয়মিত হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান অনেকেই।
অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন অভি দেওয়ান। রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ ভয়ভীতি কিংবা বিপদের আশঙ্কায় প্রতিবাদে এগিয়ে আসতে না পারার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি একাই এই কর্মসূচি পালন করেছেন বলে জানান।
এ বিষয়ে অভি দেওয়ান বলেন, বড় বড় রাঘববোয়ালের বিরুদ্ধে একাই প্রতিবাদ জানাচ্ছেন তিনি। টঙ্গীবাসীকে ফুটপাত দখলজনিত ভোগান্তি থেকে মুক্ত করতেই তাঁর এই উদ্যোগ।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আর কত টঙ্গীবাসী ভোগান্তিতে পড়বে? কর্মীদের টার্গেট করবেন না আবার। এইবার আমি একাই অবৈধ ফুটপাতমুক্ত টঙ্গী চাই। স্থানীয়দের চলাচল নির্বিঘ্ন করা এবং সড়ক ও ফুটপাতের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এই যুবদল নেতা।