মো: আক্তার হোসেন ডালী:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পূর্ব থানা এলাকায় মাদক, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজ ও কিশোরগ্যাংসহ বিভিন্ন অপরাধীদের কাছে আতঙ্কের নাম অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকছুদুল আলম। এছাড়াও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকায় অপরাধীরা আতঙ্কের মধ্যে রয়েছে। এতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে বসবাস করতে পারছেন।
খোঁজ নিয়ে জানা যায়, অপরাধ দমন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশি তৎপরতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকছুদুল আলমের দক্ষ নেতৃত্বে পরিচালিত এসব জনকল্যাণমুখী পুলিশি কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁর এই প্রশাসনিক সক্রিয়তায় এলাকাবাসীর মাঝে ফিরে আসতে শুরু করেছে কাঙ্ক্ষিত স্বস্তি ও নিরাপত্তাবোধ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, টঙ্গী পূর্ব থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের কথা আন্তরিকতার সঙ্গে শোনা, তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে পুলিশি তৎপরতা আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে এলাকা থেকে মাদক নির্মূল, চুরি, ছিনতাই রোধ এবং সড়ক ডাকাতি বন্ধে নেওয়া পদক্ষেপগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এলাকাবাসীরা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নিয়মিত টহল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে পুলিশী টহলের ব্যবস্থা করা এবং বিভিন্ন দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছানোর উদ্যোগ সর্বসাধারণের মাঝে আস্থা ফিরিয়ে এনেছে। যেকোনো অপরাধ ঘটার পর দ্রুত পদক্ষেপ নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার কারণে এখন অপরাধ প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।
টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা গেছে, মহানগরীর প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান ও টহল বাড়ানো হয়েছে। সেই সঙ্গে অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে বিশেষ নজরদারি। কেবল অপরাধ দমনই নয়, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকছুদুল আলম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমি এলাকাবাসীসহ গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।