স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ডিজিটাল রূপান্তর ও সেবার মান উন্নয়নে চারটি নতুন অ্যাপ ও ব্যবস্থাপনা সিস্টেম চালু করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের সভাকক্ষে এসব ডিজিটাল সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
উদ্বোধন করা সেবাগুলো হলো ‘মাইবাউবি মোবাইল অ্যাপ’, ‘ই-অ্যাটেনডেন্স সিস্টেম’, ‘এমপ্লয়ি স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেম’ এবং ‘কমপ্লেইন্ট/সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম’। এসব উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বাড়বে। পাশাপাশি শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সেবা গ্রহণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ডিজিটাল রূপান্তর সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, তৃতীয় ভাষা শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাউবির সঙ্গে ইউজিসির সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং কম্পিউটার বিভাগের জনবল ও কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে নতুন ডিজিটাল সেবাগুলো তৈরি করা হয়েছে। এসব সেবার কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ, মূল্যায়ন ও প্রয়োজনীয় উন্নয়ন অব্যাহত রাখতে হবে। আঞ্চলিক কেন্দ্রগুলোকে নেটওয়ার্কের আওতায় আনা, সাইবার নিরাপত্তা জোরদার, দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে নতুন অ্যাপ ও সিস্টেমগুলোর ব্যবহারবিধি, কার্যকারিতা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি প্রদর্শনের মাধ্যমে তুলে ধরা হয়। বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ। পরে ইউজিসির সদস্য বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সেন্টার পরিদর্শন করেন এবং এর আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস দেন।