October 11, 2026, 12:20 pm

গুরুদাসপুরে ৫ দিনব্যাপী ষষ্ঠ স্কাউট সমাবেশের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, October 11, 2026
  • 20 জন দেখেছে

নাটোর প্রতিনিধি:: শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্কাউটসের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় ধারাবারিষা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব ও উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
‘স্কাউটিং করি স্বদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সমাবেশে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষার্থী, ৩০ জন স্বেচ্ছাসেবক এবং ৩০ জন ইউনিট লিডার অংশ নিচ্ছেন। সমাবেশের পাঁচ দিনে অংশগ্রহণকারীরা সেন্ট্রাল ইভেন্টসহ বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে অংশ নিয়ে নতুন বিষয় শেখা ও হাতে-কলমে প্রয়োগের সুযোগ পাবে। উদ্বোধনী দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে সভাপতিকে সম্মান প্রদর্শন করে স্কাউট সদস্যরা।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, স্কাউটসের আঞ্চলিক উপ-পরিচালক (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) মো. কাহারুল ইসলাম, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের আলম, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, স্কাউট লিডার গোলাম মোস্তফা ভুলু এবং উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ক্রীড়াবিদ মিজানুর রহমান।
উদ্বোধনী আলোচনায় বক্তারা বলেন, ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে ২০ জন বালককে নিয়ে পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের সূচনা করেন লর্ড ব্যাডেন পাওয়েল। মানবসেবাকে মূল ব্রত হিসেবে গ্রহণ করে স্কাউটিং আজ বিশ্বজুড়ে বিস্তৃত। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা অসহায় মানুষের পাশে দাঁড়াতে স্কাউট সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এ সমাবেশ থেকে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও অভিজ্ঞতা আগামী দিনে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর