October 10, 2026, 12:42 pm

হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে

Reporter Name
  • আপডেট Saturday, October 10, 2026
  • 17 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: ক্যারিয়ারের শুরুতে কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেও পরবর্তী সময়ে একক নাটকে মনোযোগী হন জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি আবার ধারাবাহিকে ফিরেছেন তিনি। হিমিকে দেখা যাবে তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। ১২ অক্টোবর থেকে প্রতি সোম ও মঙ্গলবার এনএএফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ধারাবাহিকটির নতুন পর্ব।
ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে হিমি বলেন, ‘ঠিক কত সময় পর ধারাবাহিকে অভিনয় করছি, তা মনে নেই। শুরুতে নিলয় ভাইয়ের সঙ্গে “জলে ভেজা রঙ” ও “স্মৃতির আলপনা আঁকি” ধারাবাহিকে অভিনয় করেছিলাম। এরপর সিঙ্গেল নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় ধারাবাহিকে সময় দিতে পারিনি। অনেক সময় দেখা যায়, একক নাটক জনপ্রিয় হলে তার পরবর্তী পর্ব দেখতে চান দর্শক। সেটা মাথায় রেখেই এই ধারাবাহিকের পরিকল্পনা। এ ছাড়া এখন সবাই সিরিয়াল পছন্দ করছে। সব মিলিয়ে মনে হলো, এখন ধারাবাহিকে যুক্ত হওয়া যায়।’
হিমির কথার সূত্র ধরে জানা গেল, প্রায় চার বছর পর ধারাবাহিক নাটকে প্রত্যাবর্তন হলো তাঁর। এবারও সহশিল্পী হিসেবে পেয়েছেন নিলয় আলমগীরকে। আরও আছেন ফারিন খান, সুজাতা, আলী রাজ, ফারজানা চুমকি প্রমুখ।
একক নাটকের ব্যস্ত অভিনয়শিল্পীরা সাধারণত শিডিউল জটিলতার কারণে ধারাবাহিকে সময় দিতে আগ্রহী হন না। হিমি বলেন, ‘আমার ক্ষেত্রেও এমনটা হয়েছে। প্রথম প্রেমের গল্পে কাজ করতে গিয়ে বেশ কয়েকটি একক নাটকের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। তবে মন খারাপ হয়নি। সিঙ্গেল নাটকের মতোই অনেক অ্যারেঞ্জমেন্ট নিয়ে শুটিং হচ্ছে। সবাই অনেক গুরুত্ব দিয়ে কাজ করেছেন। সব মিলিয়ে ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের কাহিনি নিয়ে তৈরি হয়েছে প্রথম প্রেমের গল্প। ধারাবাহিকটি নিয়ে হিমি বলেন, ‘এখানে আমাকে একজন স্পষ্টভাষী করপোরেট নারীর চরিত্রে দেখা যাবে। আমার চরিত্রের নাম মেহনাজ কবীর, যে একটি নামী প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। এখানে প্রতিশোধের গল্প আছে, আবার সুন্দর একটি ভালোবাসার গল্পও দেখা যাবে। সব মিলিয়ে দর্শকের জন্য একটি ফুল প্যাকেজ বলা যায়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর