October 8, 2026, 3:06 pm

তাবলিগ জামাতের প্রবীণ মুরুব্বি প্রফেসর ইউনুস শিকদার মারা গেছেন

Reporter Name
  • আপডেট Thursday, October 8, 2026
  • 28 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: তাবলিগ জামাত বাংলাদেশের (মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী) প্রবীণ শূরা সদস্য প্রফেসর ইউনুস শিকদার মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর রামপুরার হাজীপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক (সাদপন্থি) মো. সায়েম।
মৃত্যুকালে প্রফেসর ইউনুস শিকদারের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২০২২ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
প্রফেসর ইউনুস শিকদার তাবলিগ জামাতের একজন গ্রহণযোগ্য ও প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন। দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনত নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন তিনি। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানেও তিনি নিয়মিত বয়ান করতেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের পশ্চিম পাড়ে অবস্থিত তাবলিগ জামাত বাংলাদেশের মারকাজ মসজিদে অনুষ্ঠিত হবে।মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
তার ইন্তেকালে তাবলিগ জামাতের অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাবলিগ জামাতের মেহনত ও দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের এই প্রবীণ মুরুব্বির অবদান স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেছেন অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তারা মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর