September 18, 2026, 10:16 pm

‘আমার খবর কে নিবে’, বাবাকে হারিয়ে আবেগাপ্লুত সালমা

Reporter Name
  • আপডেট Friday, September 18, 2026
  • 17 জন দেখেছে

বিনোদন ডেস্ক:: বাবা-মেয়ের সম্পর্কের বন্ধন যে কতটা গভীর, প্রিয় মানুষটিকে হারানোর পর তা আরও তীব্রভাবে অনুভব করছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। বাবাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই শিল্পী। প্রিয় বাবাকে কবরে সমাহিত করার পর শোক যেন আরও গভীরভাবে আঁকড়ে ধরেছে তাকে। বাবাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি পোস্ট করেছেন সালমা। সালমা লেখেন, “ও আব্বা তুমি কই গ্যালা আমাকে রেখে? এখন আমার খবর কে নিবে? আমাকে প্রতিদিন ফোন করে খোঁজ কে নিবে? আমি যে তোমাকে বেশি ভালোবাসি তুমি তো জানতা। আমাকে একা করে চলে গ্যালা। প্রিয় মানুষটি আর ফোন করে খোঁজ নেবেন না- এই বাস্তবতাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। তাই আবেগঘন সেই পোস্টে বাবাকে উদ্দেশ্য করে আরও লেখেন, “ও আব্বা তোমার ভয় করছে না, একা একা! সালমার এই কথাগুলোতেই ফুটে উঠেছে বাবার সঙ্গে তার গভীর মায়া ও ভালোবাসার সম্পর্ক। জীবনের প্রতিটি মুহূর্তে যে মানুষটি মেয়ের খোঁজ নিতেন, সেই বাবার অনুপস্থিতিই এখন সালমার কাছে সবচেয়ে বড় শূন্যতা হয়ে ধরা দিয়েছে।
শিল্পীর এমন আবেগঘন পোস্টে ভক্ত-অনুরাগীরাও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। মন্তব্যের ঘরে তারা সালমাকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি এই কঠিন সময়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সহকর্মীরাও তার শোকের সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সালমার বাবা ফজলুল হক। গত সপ্তাহে অসুস্থ বোধ করলে তাকে ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর