July 25, 2026, 1:42 pm

গাজীপুরে জুলাই জাগরণ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, July 25, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও গাজীদের স্মরণে স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ গাজীপুরের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের জয়দেবপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে (পিটিআই) আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাভিত্তিক বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
স্পন্দন সাহিত্য সাংস্কৃতিক সংসদ, গাজীপুরের চেয়ারম্যান ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শাকিল পারভেজের পিতা বেলায়েত হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত সাহিত্য সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর পরিচালক জাকির হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসাইন বলেন, একটি জাতির ইতিহাসে আত্মত্যাগের ঘটনাগুলো শুধু স্মরণ করার জন্য নয়, বরং সেগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতি সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই।
আমন্ত্রিত অতিথি ড. হাফিজুর রহমান বলেন, শহীদদের রক্তের ঋণ শোধের অন্যতম উপায় হলো একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা। তিনি সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। তাঁর পরিবেশিত দেশাত্মবোধক ও প্রেরণাদায়ী গান উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা যৌথ ও একক পরিবেশনায় দেশাত্মবোধক গান, আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর