স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলার আন্ধারমানিক এলাকার বাসিন্দা শাহিন আহমেদ (২৩), আজিবর রহমান (২৮), নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবু রাইল গ্রামের তানভীর আহমেদ (৩০), ফুলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৩) ও বরিশালের হিজলা উপজেলার বাধুয়া গ্রামের মামুন (২৩)। আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ২৬৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। শনিবার রাত সাড়ে দশটায় উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া বালুরমাঠ এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় ২৫০ টি ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করে। অন্যদিকে একই দিন রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ১৭ টি ইয়াবা ট্যাবলেটসহ আরেক যুবককে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম পিপিএম বার জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।