স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বয়লার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অটো গ্রীন অয়েল কোম্পানি নামের ওই কারখানাটি পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের কলেজ গেট (মাইজগাঁও) এলাকায় অবস্থিত। এই কারখানায় মূলত পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হয়। আজ শনিবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, টঙ্গীর ডিউটি অফিসার সবুজ মিয়া জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কলেজ গেট এলাকায় বয়লার বিস্ফোরণের পর কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ২৩ জানুয়ারি স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের এই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছিল। পরে কারখানার নাম পরিবর্তন করা হয়।