June 17, 2026, 8:57 pm

গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ

Reporter Name
  • আপডেট Wednesday, June 17, 2026
  • 17 জন দেখেছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মজুতকৃত সিগারেট জব্দ করা হয়েছে। মজুতকারী ব্যবসায়ী স্থানীয় নাজিমুদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত।
মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) গাজীপুর সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন খান এলিস। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ও ৬ ধারায় একটি মামলা দায়ের করে অভিযুক্তকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় অভিযান চালিয়ে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের অবৈধভাবে মজুতকৃত সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের জিম্মায় রাখা হয়েছে। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ধ্রুব অধিকারী এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মোঃ বদরুজ্জামান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপটেন ইফতেখার আহমেদ, সিনিয়র এএসপি দেবজিত পাল, স্কোয়াড কমান্ডার পোড়াবাড়ী ক্যাম্পসহ র‍্যাব-১-এর সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজারে অস্থিরতা তৈরির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর