স্টাফ রিপোর্টার:: রাজধানীর আব্দুল্লাহপুর এলাকার ‘রাজমনি’ নামের একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন যাবত গোপনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। এইসব অপসামাজিক কার্যকলাপের ফলে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা গেছে। এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। এলাকাবাসী অবিলম্বে হোটেলটিতে পুলিশি অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আবাসিক এলাকায় এ ধরনের হোটেলের লাইসেন্স বাতিলের দাবিও তুলেছেন তারা।
স্থানীয় বাসিন্দারা জানান,আবাসিক হোটেল ‘রাজমনি’ দীর্ঘদিন ধরে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এছাড়াও গভীর রাতে বহিরাগত নারী-পুরুষের অবাধ যাতায়াত, মাদক সেবন এবং উচ্চস্বরে গান-বাজনা করে আশপাশের পরিবেশ নষ্ট করছে। এতে এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাড়াটিয়া বলেন, আমি পরিবার নিয়ে এই এলাকায় থাকি। সন্ধ্যার পর হোটেলের সামনে যেসব লোকজন আসে, তাতে আমাদের ছেলে-মেয়েদের নিয়ে বের হতে লজ্জা লাগে। হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো লাভ হচ্ছে না। আমি স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এইসব অসামাজিক কার্যকলাপ বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি। আমারা এইরকম কোন তথ্য পেলে সাথে সাথে অভিযান চালাই। অসামাজিক কার্যকলাপ হচ্ছে বলে আমরা শুনেছি। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো হোটেলের বিরুদ্ধে অনৈতিক কাজের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে হোটেল ‘রাজমনি’ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আবাসিক এলাকায় হোটেল পরিচালনার ক্ষেত্রে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। নীতিমালা লঙ্ঘন করে অনৈতিক কার্যকলাপ চালালে লাইসেন্স বাতিলসহ ফৌজদারি মামলার বিধান রয়েছে।