নিজস্ব প্রতিবেদক :: তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামীকাল রোববার থেকে এই ধর্মঘট শুরু হবে। বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম জানান, এই ধর্মঘটের আওতায় থাকবে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলা। সাতটি বাস মালিক সমিতি ও সাতটি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
পরিবহন নেতাদের তিন দফা দাবি হলো- সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজ দেওয়া গাড়ি চলাচল বন্ধ করা এবং জেলা টার্মিনাল ছাড়া পথে পথে গড়ে ওঠা অবৈধ কাউন্টার অপসারণ, আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র, নছিমন, করিমন ও অটোরিকশাসহ সব ধরনের অবৈধ থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ বন্ধ করা এবং দূরপাল্লার পরিবহনে নীতিমালার বাইরে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।
বাস মালিক নেতা ফকির শহীদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগের সড়কগুলোতে অনুমোদনহীন অতিরিক্ত বিআরটিসি ও লিজ নেওয়া বাস চলাচল করছে। পাশাপাশি মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার অবাধে চলাচল করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ধর্মঘট শুরু হলে এই পাঁচ জেলায় সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে। বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো. বাতেন জানান, পরিবহন মালিকদের তিন দফা দাবির বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। জনদুর্ভোগ এড়াতে এবং অনির্দিষ্টকালের এই ধর্মঘট প্রত্যাহার করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।