নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইলে এক রাতেই ৯ গরু চুরির ঘটনা ঘটে। সোমবার (৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে সোমবার রাতে আব্দুল খালেক (৫৫) ও আব্দুল মালেক (৪৮) দুই ভাইয়ের পাশপাশি গোয়ালঘর থেকে তালা কেটে ৬টি গরু চুরি হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাত সাড়ে ১২টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যান পরিবারের সদস্যরা। ফজরের আজানের পর আব্দুল খালেক গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা খোলা। ভেতরে ঢুকে গরু না দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের অন্য সদস্যরা এসে দেখেন, তার গোয়ালঘরের তিনটি গরুই নেই। একই সময় পাশের গোয়ালঘরে গিয়ে আব্দুল মালেকও দেখতে পান তার তিনটি গরুও চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের দাবি, চুরি যাওয়া গরুর মধ্যে আব্দুল খালেকের দুটি ষাঁড় ও একটি গাভি ছিল, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। অপরদিকে আব্দুল মালেকের একটি গাভি ও দুটি গরুর মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
মালেকের গাভিটি কয়েক দিনের মধ্যেই বাচ্চা প্রসব করার কথা ছিল। এদিকে একই রাতে নান্দাইল পৌরসভার পাঁছপাড়া সরকারি মৎস্য খামারের পাশে হাদিস মিয়ার গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়েছে।
হাদিস মিয়া জানান, প্রতিদিনের মতো সোমবার গভীর রাতে ঘুমানোর আগে গরুগুলি দেখতে গিয়ে দেখেন গোয়ালঘরের দরজার তালা কাটা। সেখানে একটি বাছুরসহ ফ্রিজিয়ান ক্রস গাভি, দুটি গর্ভবতী জার্সী গাভি ও ফ্রিজিয়ান গাভি নাই। এই গরুগুলোর মূল্য হবে প্রায় ৫ লাখ টাকা। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল থানার ওসি রবিউল আজম ও আজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ সাপেক্ষে গরু উদ্ধার ও চোর শনাক্তে কাজ করা হবে।