স্টাফ রিপোর্টার, গাজীপুর:: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের বাস্তবায়ন কৌশল, সদস্য অন্তর্ভুক্তি, আর্থিক ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কর্মশালায় আবদুল মোতালেব সঞ্জীবন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি বলেন, সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে সদস্যরা আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। আবদুল মোতালেব চাকরিনির্ভর মানসিকতা থেকে বেরিয়ে এসে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম কার্যকর উপায় হলো উদ্যোক্তা উন্নয়ন। সঞ্জীবন প্রকল্পের মাধ্যমে বাহিনীর সদস্যরা নিজ নিজ এলাকায় সম্ভাবনাময় উদ্যোগ নিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন। আবদুল মোতালেব প্রকল্পের সফল বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের আন্তরিকতা, সমন্বিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি প্রকল্প কার্যক্রমের সূচনা, বাস্তবায়ন পদ্ধতি, এলাকা-ভিত্তিক সম্ভাবনাময় উদ্যোগ নির্বাচন, সদস্যদের অংশগ্রহণ ও শ্রমের মূল্যায়ন, লভ্যাংশ বণ্টন, ঋণের কিস্তি পরিশোধ, সদস্যপদ ত্যাগ অথবা সদস্যের মৃত্যুর ক্ষেত্রে অনুসরণীয় প্রক্রিয়া ও নতুন সদস্য অন্তর্ভুক্তির নীতিমালা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন।
আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক এনামুল খাঁন সঞ্জীবন প্রকল্পের সদস্যপদ, সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া, প্রকল্প পরিচালনা কাঠামো, ঋণ গ্রহণ ও পরিশোধ পদ্ধতি এবং আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সমন্বিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে টিএমএসএসের পরিচালক মো. রেজাউল করিম তার উপস্থাপনার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির বিভিন্ন সফল উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে টিএমএসএসের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোকপাত করেন।