নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– সিদ্ধিরগঞ্জের কমদতলী এলাকার ইউসুফ আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্যাডার জীবন (৩৪), সুমিলপাড়া এলাকার আক্কাছ আলীর ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আলম, একই এলাকার রওশন আলীর ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সোহেল (৪৪), পূর্ব এনায়েতনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আয়নাল মিয়া (৪৫) এবং পূর্ব এনায়েতনগর এলাকার জানে আলমের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।