May 20, 2026, 12:04 pm

সমাজের সব স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

Reporter Name
  • আপডেট Wednesday, May 20, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: দেশের বিভিন্ন স্তরের বৈষম্য দূর করতে এবং সামগ্রিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত ‘অল পার্টি ককাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
তিনি বলেন, সমাজের সব স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এই ককাসের মাধ্যমে দেশের উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে। মঙ্গলবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উইম্যান উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডব্লিউডিডিএফ) নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা দেশের সামগ্রিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিতে সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকারের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।
বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠানসংক্রান্ত অভীষ্ট বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। প্রতিনিধিদলের সদস্যরা সমাজের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা বৃদ্ধি এবং পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনাকালে প্রতিনিধিদল হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে সম্প্রতি স্পিকারের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্পিকারও নাগরিক সমাজের প্রতিনিধিদের এই উদ্যোগ ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান এবং সংসদীয় কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর