স্টাফ রিপোর্টার, গাজীপুর:: মানবিক সহায়তার অংশ হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন।
সোমবার (১৮ মে) গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
হুইলচেয়ার বিতরণকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতা যেন কারো জীবনযাত্রার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, যাদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়েছে, তারা যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন ও আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারেন, সেটিই সিটি করপোরেশনের প্রত্যাশা। অনুষ্ঠানে হুইলচেয়ার গ্রহণকারীদের মধ্যে ছিলেন মো. ইব্রাহিম, যার দুই পা নেই এবং সুফিয়া, যার একটি পা নেই ও অপর পা-টিও বিকলাঙ্গ।
হুইলচেয়ার পেয়ে তারা গাজীপুর সিটি করপোরেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার ডা. রহমতউল্লাহ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।