July 4, 2026, 1:57 pm

চার খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার

Reporter Name
  • আপডেট Monday, May 18, 2026
  • 43 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বিশেষ করে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিতে চান বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি।
আজ সোমবার (১৮ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-কাতার সপ্তম যৌথ কমিটির বৈঠকে এ আগ্রহের কথা জানান কাতারের শ্রমমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে কাতারে চার লাখের বেশি বাংলাদেশি কর্মী দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ২০২৩ সালে ১ লাখ ৭ হাজার ৫৯৮ জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, চলতি বছরে এই সংখ্যা আরও বাড়বে।
বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী কাতারগামী কর্মীদের ভিসা ও স্বাস্থ্য পরীক্ষা সহজ করতে দেশের ৮টি বিভাগীয় শহরে কাতারের ভিসা ও মেডিকেল সেন্টার স্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন ১১০টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়টিও তুলে ধরেন।
বৈঠকে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক কাতারের শ্রমবাজারে বাংলাদেশ থেকে আরও দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, কেয়ারগিভার, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান জানান।
জবাবে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করে জানান, বর্তমানে কাতারে প্রায় ৪ লাখ ৭৩ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ উন্নয়ন প্রকল্পে কাজ করছেন।
কাতারের শ্রমমন্ত্রী আরও জানান, বাংলাদেশের পাঁচটি নির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সরাসরি দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার। এছাড়া অদক্ষ কর্মীদের দক্ষ করে তুলতে কাতারে ইতিমধ্যে দুটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলামসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর