May 18, 2026, 1:16 pm

টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, May 18, 2026
  • 5 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে দিনব্যাপী সুবিধাবঞ্চিত চারটি স্কুলের ২৭২ জন শিক্ষার্থী ও শিক্ষককে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে চশমা এবং ২০ জনকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
রোববার আইএইচএফ স্কুল প্রাঙ্গণে মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম (ইসিপি) এই চক্ষুশিবিরের আয়োজন করে। রোটারি ক্লাবের অর্থায়নে এবং আল হাকিম চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়। আইএইচএফ স্কুল, হলি সান মডেল স্কুল ও অথেন্টিক স্কুলসহ মোট চারটি স্কুলের শিক্ষার্থীরা এই সেবা পায়। পাশাপাশি চক্ষু বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ২৭২টি ফ্লায়ার ও পোস্টার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, আর্থিক কারণে যারা চোখের চিকিৎসা নিতে পারেন না, তাদের সেবা প্রদান এবং চোখের যত্নে সচেতনতা বৃদ্ধিই ছিল এই চক্ষুশিবিরের মূল লক্ষ্য।
আইএইচএফ স্কুলের প্রধান শিক্ষক নাইম হাসান বলেন, আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সব শিক্ষার্থীর চক্ষু পরীক্ষার পাশাপাশি চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও শিক্ষক সবাই খুবই খুশি।
উল্লেখ্য, মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট ৫১৭টি চক্ষুশিবির পরিচালনা করেছে। এতে দুই লাখ ৩১ হাজার ৭৭৪ জনকে বিনামূল্যে চক্ষুসেবা এবং ২৩ হাজার ৪১ জনের চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর