May 13, 2026, 6:40 pm

গাজীপুরে মাসব্যাপী কর মেলা উদ্বোধন

Reporter Name
  • আপডেট Wednesday, May 13, 2026
  • 18 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, গাজীপুর:: একটি পরিকল্পিত ও স্বনির্ভর নগর গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন মাসব্যাপী ‘কর মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মহানগরীর আটটি জোনে একযোগে এই মেলার উদ্বোধন করা হয়। নগরবাসীকে কর প্রদানে উৎসাহিত করা এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। এবারের কর মেলায় নাগরিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। আবাসিক হোল্ডিং মালিকরা যদি বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করেন, তবে তারা ৪০ শতাংশ পর্যন্ত কর মওকুফ সুবিধা পাবেন। মেলার প্রথম দিনেই এই আকর্ষণীয় সুবিধার কারণে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মহানগরের ৪ নম্বর অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের রাজস্বই নগর উন্নয়নের মূল চালিকাশক্তি। আধুনিক ও পরিকল্পিত নগর গড়তে নাগরিকদের নিয়মিত কর প্রদানের বিকল্প নেই। আপনাদের দেওয়া করের অর্থ দিয়েই রাস্তা, ড্রেন ও আলোকায়নসহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা হয়। তিনি কর পরিশোধের মাধ্যমে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও স্বনির্ভর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
গাজীপুর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান জানান, কর আদায় কার্যক্রমকে গতিশীল করতে ডিজিটাল পদ্ধতি সহজীকরণ এবং সেবার মানোন্নয়নে নিরন্তর কাজ চলছে। হয়রানিমুক্ত পরিবেশে দ্রুত সেবা নিশ্চিত করতে প্রতিটি মেলা প্রাঙ্গণে বিশেষ বুথ ও তথ্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাসিক অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল, কর নির্ধারণ কর্মকর্তা মো. আতাউর রসূল ভূঁইয়া এবং লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর