মো: আক্তার হোসেন ডালি:: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। এলাকার ফকির মার্কেট সংলগ্ন ঢাকা ডাইং রোডের ড্রেনে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। স্থানীয় জনগণ বিষয়টি ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল মন্ডলের নজরে আনলে তিনি দ্রুত সমস্যাটি গুরুত্ব সহকারে আমলে নেন। পরে তার উদ্যোগ ও সহযোগিতায় এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করা হয়।
স্থানীয়দের মতে, ড্রেন পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হলে পানি জমে থাকার সমস্যা অনেকাংশে কমে যাবে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে। পাশাপাশি পরিবেশেরও উন্নতি ঘটবে বলে আশা করছেন তারা। এ বিষয়ে নাজমুল মন্ডল বলেন, “৪৩ নম্বর ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের পাশে থেকে উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখতে আমাকে সুযোগ দিন। আমি আপনাদের সেবক হয়ে সবসময় পাশে থাকতে চাই।” তিনি আরও বলেন, “এলাকার মানুষের সমস্যা সমাধানে মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” এলাকাবাসী আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ অব্যাহত থাকলে ৪৩ নম্বর ওয়ার্ডে নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে।