নিজস্ব প্রতিবেদক :: পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, মিউচ্যুয়াল সম্মান বজায় রেখে সব দেশের সঙ্গে তিনি সম্পর্ক বজায় রেখেছিলেন। প্রতিবেশী যত দেশ, ইউরোপ, আমেরিকা, ওআইসিভুক্ত দেশ, সব দেশের সঙ্গে সম অধিকারের ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে কথা বলতেন। সে কারণে বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন সব দেশ বাংলাদেশকে সমীহ করে চলত।’ আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এমপি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেশ নীতি বেগম খালেদা জিয়া অনুসরণ করেছেন। এখন এসে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বলছেন সবার আগে বাংলাদেশ। এটাই ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পররাষ্ট্রনীতিনীতি।’
সেই নীতিতে ছিল বাংলাদেশকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখব। কিন্তু নিজের দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়।’
বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে সবচেয়ে যিনি বেশি নির্যাতনের শিকার হয়েছেন, তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি নীরবে-নিভৃতে দেশের জন্য দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন।
তিনি কথা না বলেও অনেক কথা বলে গেছেন। প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় ৬ বছর তাকে জেলে থাকতে হয়েছে। সুচিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর তিনি যখন কথা বলার সুযোগ পেলেন তখন একটাও প্রতিহিংসামূলক শব্দ তিনি উচ্চারণ করেননি। তিনি একটাবারও বলেন নাই যে তার নিজের ওপর কী পরিমাণ অত্যাচার হয়েছে।
জিয়া পরিবারের ওপর কী রকম অত্যাচার হয়েছে বা তার নেতাকর্মীদের ওপর কী পরিমাণ অত্যাচার হয়েছে। তিনি সবার প্রতি বার্তা দিয়েছেন সব প্রতিহিংসা পরিহার করে মানুষকে ভালোবাসার বার্তা দিতে হবে, ঐক্যের বার্তা দিতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সেই লক্ষ্যে সব দল-মত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, দশমিক প্রকাশনীর প্রকাশক দীপান্ত রায়হান, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ প্রমুখ।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে লেখক-সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত বেগম খালেদা জিয়াকে নিয়ে বই ‘মহাজীবনের উপাখ্যান’ মোড়ক উন্মোচন করা হয়েছে।