April 21, 2026, 2:10 am

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে এমপি রনির শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, February 21, 2026
  • 65 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে গাজীপুরবাসী। একুশের প্রথম প্রহরেই গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। শহীদদের স্মরণে নীরবতা, শোক ও শ্রদ্ধায় আবেগঘন হয়ে ওঠে পুরো পরিবেশ।
দিবসের শুরুতেই এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় তাঁর সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার।
শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ বরকতের পরিবারের সদস্যরা শহীদ বেদীতে ফুল দেন। পাশাপাশি গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশ, গাজীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা একে একে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসের প্রথম প্রহর থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া, ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ ভাওয়াল রাজবাড়ী মাঠে সমবেত হন। পরে সেখান থেকে শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী ইউনিভার্সিটি অব টেকনোলজি, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এর পক্ষ থেকে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি।
গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ বরকতের মায়ের কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভাষা আন্দোলনের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে গাজীপুরবাসী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর