April 22, 2026, 7:09 am

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, ভোট দিয়ে তা প্রমাণ করবেন: তারেক রহমান

Reporter Name
  • আপডেট Friday, January 30, 2026
  • 66 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশের মানুষ জানে—বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে—বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি। আজ শুক্রবার বিকেলে বগুড়া থেকে রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জের মোকামতলায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জুমার নামাজের আগেই মোকামতলা ও এর আশপাশের এলাকায় হাজার হাজার নেতা-কর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। মহাসড়কের দুই পাশে নারী-পুরুষ-নির্বিশেষে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন তাঁদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান।  আবেগঘন কণ্ঠে বিএনপির চেয়ারম্যান উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। বহু বছর পর মোকামতলায় এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।’
মোকামতলায় আসার আগে তারেক রহমান ঐতিহাসিক মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহীসওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। মহাস্থানগড় থেকে শিবগঞ্জের রহবল সীমান্ত পর্যন্ত পুরো যাত্রাপথে মীর শাহে আলমের সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর