স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, বাংলাদেশে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং তার রাজনীতির মূল লক্ষ্য সকল ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করা। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে গাজীপুর-২ আসনের সকল সনাতন সম্প্রদায়ের উদ্যোগে জয়দেবপুর বাজারের কেন্দ্রীয় কৃপাময়ী কালীমন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে ও পরিবারসহ উপস্থিত থাকার চেষ্টা করেছেন এবং নিজেকে সনাতন সম্প্রদায়ের ভাই ও বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, ‘আপনারাই ১৯৯১ সালে আমার বাবাকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুশি হয়ে গাজীপুরবাসীকে মন্ত্রী উপহার দিয়েছিলেন। তিনি প্রয়াত পিতা অধ্যাপক মান্নান সাহেবের আদর্শ স্মরণ করে বলেন, তার বাবা হিন্দু-মুসলমান নির্বিশেষে সকল মানুষের ভালোবাসা পেয়েছিলেন এবং মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দির উন্নয়নেও সমান ভূমিকা রেখেছিলেন।
তিনি বলেন, আমার বাবা আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম ও আদর্শ রয়ে গেছে। আমি সেই আদর্শ বুকে ধারণ করে গাজীপুরের উন্নয়ন ও পরিবর্তনে কাজ করতে চাই।
রনি আরও বলেন, তার কাছে একজন মুসলমান যেমন নিরাপদ, তেমনি একজন হিন্দুও সমানভাবে নিরাপদ এবং সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও অধিকার নিশ্চিত করতে নির্বাচিত হলে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি দাবি করেন, একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ থাকবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি গাজীপুরসহ সারাদেশে রেকর্ড পরিমাণ ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় হবে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান একটি স্বনির্ভর, উন্নত ও সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে হিন্দু-মুসলমানসহ সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার সমালোচনা করে রনি বলেন, একটি দল ধর্ম নিয়ে ব্যবসা করছে এবং জান্নাতের টিকিট বিক্রি করছে, যা সম্পূর্ণ ভুয়া, এ ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি সবাইকে সতর্ক করেন। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আমার মনোনয়ন মানে আপনাদের মনোনয়ন। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামী পাঁচ বছর আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের নিরাপত্তা ও উন্নয়নের দায়িত্ব নেবো।
সভায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, মেট্রো সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা তপন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এজিএস হাবিবুর রহমান, যুবদল নেতা ফরহাজ বিন প্রবাল, বিপুল, আসলাম মিয়া, বাপ্পি দে, প্রশান্ত, চৈতন্য, সন্তোষ, পরিমলসহ সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।