নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে রাখা গাছের গুঁড়ি অপসারণে করাতকল মালিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে এ নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল করাতকলগুলো পরিদর্শন করে মালিকদের সতর্ক করে দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যান চলাচল স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইলেকটোরাল ইনকোয়্যারি কমিটির সদস্যরা, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, তদন্ত কর্মকর্তা প্রজিত কুমার দাস এবং সেনাবাহিনীর একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস জানান, নির্ধারিত সময়ের মধ্যে মহাসড়কের পাশ থেকে গাছের গুঁড়ি সরিয়ে না নিলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।