শারমিন খানম :: আইনের সংঘাতে আসা শিশুদের জীবন দক্ষতা উন্নয়নে সমাজসেবা অধিদফতরের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ আয়োজিত দুই দিনব্যাপী জীবনদক্ষতা উন্নয়ন বুটক্যাম্পে এ ঘোষণা দেন সংস্থাটির ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বুটক্যাম্পে কেন্দ্রের ৬৭১ জন নিবাসী অংশ নেয়।
প্রথমবারের মতো আয়োজিত এ বুটক্যাম্পে জীবনদক্ষতার ১১টি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি সেশন ছিল ২৫ মিনিটের, যেখানে শিশুরা পর্যায়ক্রমে ১১টি ক্যাম্পে অংশ নেয়।
মঙ্গলবার সকালে বুটক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান ও ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মানস বিশ্বাস।
সভাপতির বক্তব্যে সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখার পরিচালক সমীর মল্লিক শিশুদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিতে এমন উদ্যোগকে স্বাগত জানান এবং পর্যায়ক্রমে অন্যান্য শিশু সুরক্ষামূলক প্রতিষ্ঠানেও এ ধরনের ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। বিকেলে কুইজ প্রতিযোগিতা, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে বুটক্যাম্পের সমাপ্তি হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কেন্দ্রের কর্মকর্তারা জানান, ১৯৭৪ সালে প্রতিষ্ঠানটি স্থাপনের পর এ ধরনের ব্যতিক্রমী আয়োজন এই প্রথম।