শেখ কামরুল হাসান সাহা:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাজীপুর জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাকে কেন্দ্র করে আজ রোববার সভাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও গাজীপুর মহানগর বিএনপির শীর্ষ নেতারা।
সভাস্থল পরিদর্শনকালে নেতৃবৃন্দ মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তারা জানান, জনসভাটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গাজীপুরের টঙ্গীতে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল বলেন, দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
তিনি আরও বলেন, ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ বিএনপির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানে জনসভা আয়োজন দলীয় ঐতিহ্য ও ধারাবাহিকতার প্রতীক।
সন্ধ্যায় ভাওয়াল রাজবাড়ী মাঠ পরিদর্শেন ছিলেন- ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান ননি, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মোফাজ্জল হোসেন, মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, জমিয়াতে ইসলামের মহানগরের সাধারণ সম্পাদক মুফতি নাসির উদ্দিন, সদর মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, গাজীপুর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।