স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাসান উদ্দিন সরকারের বাসভবনের প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপি নেতা সালাউদ্দিন সরকার এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সায়েদুল আলম বাবুল বলেন, দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি জনসভা নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাজীপুরে জনসভা শেষে তারেক রহমান ময়মনসিংহ বিভাগে আরও কয়েকটি জনসভায় অংশগ্রহণ করবেন।
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাংলাদেশের উন্নয়নের রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান, বেকার সমস্যা সমাধান ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি গাজীপুরের জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। এর আগে তিনি সিলেট ও চট্টগ্রাম বিভাগে জনসভায় অংশগ্রহণ করেছেন বলেও জানান তিনি।
প্রস্তুতি সভায় জানানো হয়, জনসভাটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সফল করতে গাজীপুর মহানগর বিএনপিকে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে। শৃঙ্খলা রক্ষা ও জনসমাগম নিয়ন্ত্রণে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, মহানগর ও থানা পর্যায়ের সকল ইউনিট সম্মিলিতভাবে প্রস্তুতি কার্যক্রমে অংশ নিচ্ছে।
বক্তারা বলেন, ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠের পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতি জড়িত। সেই ঐতিহাসিক স্থানেই জনসভা আয়োজন করা বিএনপির রাজনৈতিক ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান ননি, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট শহিদুজ্জামান, আহমদ আলী রুশদি, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, প্রভাষক বশির উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরাফত হোসেন, মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদার, মেট্রো সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মিলু, মেট্রো সদর থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।