মো: জাফর আলী:: টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ৩টায় টঙ্গীস্থ আউচপাড়া বেপারি বাড়ি প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের আহ্বায়ক শেখ মোঃ সুমন, সদস্য সচিব আজিজুর রহমান টিপু এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুবকর ছিদ্দিক। দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন আপসহীন নেত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।